দৌলতপুরে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ

🕙 প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ । ১:৩৫ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রৌহা এলাকা থেকে স্থানীয় জনতা ৫০ গ্রাম গাঁজাসহ ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আলী হোসেন (২৭)। সে উপজেলার খলসী ইউনিয়নের ভররা দক্ষিন পাড়া গ্রামের মোঃ হানিফের ছেলে।
​এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দৌলতপুর থানার এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একটি টিম খলসী এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করছিল। দুপুর ১২:৪০ ঘটিকার সময় তারা গোপন সংবাদ পান যে, রৌহা গ্রামস্থ মোঃ মাজেম (পীর) সাহেবের মুদি দোকানের সামনে কাচা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ীকে স্থানীয়রা হাতেনাতে আটক করে রেখেছে।
​সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দুপুর ১২:৫০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আলী হোসেনের দেহ তল্লাশী করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গীর ডান কোচ থেকে খবরের কাগজে মোড়ানো ৫০ (পঁঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২,০০০/- (দুই হাজার) টাকা। দুপুর ১৩:০৫ ঘটিকার সময় পুলিশ বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে গাঁজা ও আসামীকে হেফাজতে নেয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে বিক্রয়ের উদ্দেশ্যেই উক্ত গাঁজা নিজ দখলে রেখেছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, আলী হোসেন দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
​পুলিশ জানায়, গাঁজাসহ আটকের পর উপস্থিত উৎসূক জনতা ক্ষিপ্ত হয়ে আলী হোসেনকে মারপিট করে, এতে তার শরীরের বিভিন্ন স্থানে সাধারণ জখম হয়। পুলিশ তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে থানায় নিয়ে আসে।
​এ ঘটনায় দৌলতপুর থানার এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আলী হোসেনের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

​মামলার বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জনসচেতনতার কারণেই আজ স্থানীয় লোকজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরেছে। আমরা খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছি। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।” বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ