আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

🕙 প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ । ৮:০৯ এএম

দেশের বাজারে আবারও স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায় নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ২,৩৬,৭৭৯ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২,২৬,১৬৫ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৯৪,২০৬ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৫৮,৬৩০ টাকা

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এছাড়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে ১১ আগস্ট স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়।

চলতি বছরে এখন পর্যন্ত ১০২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫১ বার দাম বেড়েছে, ৫০ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ