নতুন শিরোনাম: ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪০ বিলিয়ন ডলার, নতুন এফটিএতে জোর

🕙 প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ । ১:০৯ পিএম

২০২৬-২৭ অর্থবছরের জন্য বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্প্রসারণের উদ্যোগের কথাও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে আরও চার থেকে পাঁচটি দেশের সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা শেষ হতে পারে।

বাণিজ্যমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে উভয় পক্ষ ইতোমধ্যে আলোচক নির্ধারণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের রপ্তানি প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের জন্য কার্যকর শুল্ক হারে কোনো পরিবর্তন হয়নি। আগের ১০ শতাংশ শুল্কের মেয়াদ শেষ হলেও নতুন ব্যবস্থায় কার্যত একই হার বহাল রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে বাংলাদেশের রপ্তানিতে তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে তিনি মন্তব্য করেন।

রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশই তৈরি পোশাক খাতনির্ভর। একটি খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি (আইটি), জাহাজ নির্মাণসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে খাতভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ আগামী কয়েক দিনের মধ্যেই দৃশ্যমান হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে একটি স্থিতিশীল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যবসা ও বিনিয়োগের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে অর্থনীতিকে আরও গতিশীল করতে কাজ করছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ