প্রধান সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন

ছবি: সংগৃহীত

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে এ রিট দায়ের করেন।

রিটে সংবিধানের ৭০ অনুচ্ছের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি রাজনৈতিক দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্যপদ শূন্য হবে। তবে এ কারণে তিনি ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন না।

রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের ফলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন এবং তাদের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হয়। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়া স্থগিত রাখতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনকে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চলমান অবস্থায় সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট দায়ের হওয়ায় বিষয়টি আইনি ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এ বিভাগের আরও সংবাদ