গেজেটভুক্ত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সম্মাননা জানানো হয়।
এ সময় মন্ত্রী জানান, গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন।
একই অনুষ্ঠানে ‘৩৬ জুলাই’ স্মরণে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলগুলোতে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য ৩৬ শতাংশ ছাড়ের ঘোষণাও দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের তুলনা করা যৌক্তিক নয়। তার ভাষ্য অনুযায়ী, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জন করেছেন, আর ২০২৪ সালের জুলাই যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি এবং তাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।

