কক্সবাজারের রামু উপজেলায় দুই মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাইয়ান আহম্মদ। তার বাবা আব্দুল মালেক (৩৬) মালয়েশিয়া প্রবাসী। পরিবারের দাবি, শিশুটির মা রুমানা আক্তার (২০) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে ঘরের ভেতরে সুপারি কাটার জাঁতা দিয়ে শিশুটির ওপর আঘাত করার পর তার গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
রাজারকুল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাশেকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা পরিবারের কাছ থেকে জানতে পারেন, শিশুটির মা মানসিক রোগে আক্রান্ত ছিলেন।
রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ করছে।
রামু থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান, প্রাথমিকভাবে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে শিশুটির মা মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে ধারণা পাওয়া গেছে। মা ও শিশুর মরদেহ থানায় আনা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ ঘটনাটির সব দিক তদন্ত করে দেখছে।

