প্রধান সংবাদ

জুলাই শহীদ ও গুরুতর আহত পরিবারকে মিরপুরে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা

ছবি: সংগৃহীত

আরও পড়ুন

রাজধানীর মিরপুরে নির্মাণাধীন আধুনিক আবাসন প্রকল্পে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং গুরুতর আহত যোদ্ধাদের বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

বুধবার (৫ আগস্ট) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি দাবি করেন, আন্দোলনের মূল নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এসেছে। আন্দোলনের সুফল দৃশ্যমান হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে নানা বক্তব্য দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মিরপুরে ১৫টি আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে এসব ভবনে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং গুরুতর আহত যোদ্ধাদের বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।

আহমেদ সোহেল মঞ্জুর আরও বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক সংকট ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে পিরোজপুর ও ভাণ্ডারিয়ার মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়নমূলক কর্মসূচি এবং জুলাই যোদ্ধাদের কল্যাণে ঘোষিত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. জুয়েল মৃধা, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রনি মোল্লাসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের হাতে সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও চেক তুলে দেওয়া হয়।

এর আগে প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনের শহীদ এমদাদুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি ফাতেহা পাঠ, জিয়ারত এবং শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ বিভাগের আরও সংবাদ