ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

🕙 প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ । ১১:৩০ এএম

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের প্রকৃত তথ্য যাচাই-বাছাই করে স্বচ্ছ প্রক্রিয়ায় এ কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত কৃষক কার্ড–সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ডে কৃষকের পরিচয় ছাড়াও কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। তিনি প্রকৃত কৃষকদের তথ্য নিশ্চিত করেই কার্ড প্রস্তুতের নির্দেশ দেন।

সভায় জানানো হয়, কৃষকদের জন্য ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে কৃষকদের হাতে কৃষক কার্ড বিতরণ করা হবে।

সরকার জানায়, কৃষি খাতে ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুবিধা দ্রুত ও কার্যকরভাবে প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দিতেই কৃষক কার্ড চালু করা হয়েছে।

চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় দুই কোটি কৃষককে কৃষক কার্ড কর্মসূচির অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ