পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

🕙 প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ । ৫:৫১ এএম

হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পূর্বে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ অবিলম্বে কার্যকর করা হয়।

আদেশে বলা হয়, বুধবার (২৯ জুলাই) পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে। জনশান্তি, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা না থাকায় এ আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন।

মঙ্গলবারের সংঘর্ষের পর বুধবার সকাল থেকেই হবিগঞ্জ শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল ১০টার পর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা জোরদারে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করে।

এদিকে, বুধবার বিকেলে ১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। তাদের গাড়িবহরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সারওয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ