জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চাইল বাংলাদেশ, ইতিবাচক আশ্বাস

🕙 প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ । ১১:৪৬ এএম

দেশে চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে ফোনালাপ ও চিঠির মাধ্যমে সহায়তার আবেদন জানানো হলে সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি জানান, একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) মজুত ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) বিকল হয়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বর্তমানে দেশে দৈনিক প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে প্রায় ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।

প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার উপদেষ্টা মাহদী আমিনের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এছাড়া মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয়। ওই সময় বাংলাদেশের উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা কামনা করা হলে আনোয়ার ইব্রাহিম দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন।

তিনি আরও জানান, সংকট নিরসনে জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা ও আরপিজিসিএল নিরবচ্ছিন্নভাবে এক্সেলারেট এনার্জির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এফএসআরইউর ত্রুটি দ্রুত সমাধানে কাজ করছেন। এ বিষয়ে এক্সেলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট আজিজ কাসিমের সঙ্গেও তার আলোচনা হয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনাও সক্রিয়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ