দেশীয় চিকিৎসা প্রযুক্তির উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনে সর্বোচ্চ গুরুত্বের আশ্বাস প্রধানমন্ত্রীর

🕙 প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ । ১১:২৪ এএম

স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জামের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদন প্রক্রিয়ায় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের উদ্ভাবকদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত এসব চিকিৎসা সরঞ্জাম ব্যবহার উপযোগী করে তোলা এবং বাজারজাত করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।

সভায় জানানো হয়, দুটি পৃথক বিশেষজ্ঞ দল দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় অনুমোদন, ক্লিনিক্যাল পরীক্ষা এবং মান যাচাই সম্পন্ন হলে এগুলো দেশের বিভিন্ন হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সুযোগ তৈরি হবে। দেশেই উৎপাদিত হওয়ায় যন্ত্র দুটি তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করে তুলবে।

বিশেষজ্ঞরা জানান, গুরুতর শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটর একটি গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী সরঞ্জাম। এর নিরাপত্তা, কার্যকারিতা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আরও বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

অন্যদিকে, হাই-ফ্লো অক্সিজেন মেশিনের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি বিদ্যুৎ সংযোগ ছাড়াই পরিচালনা করা যায়। ফলে বিদ্যুৎবিহীন এলাকা, দুর্যোগকালীন পরিস্থিতি কিংবা রোগী পরিবহনের সময় অ্যাম্বুলেন্সেও এটি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশীয় প্রযুক্তিতে এসব চিকিৎসা সরঞ্জামের সফল উৎপাদন শুরু হলে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে এবং দেশের স্বাস্থ্য খাত আরও স্বনির্ভর হয়ে উঠবে।

সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রো-ভিসি ড. মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ডা. মামুন শিবলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ