মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওয়াবিন মিয়া এবং বরিশালের বিমানবন্দর উপজেলার সাগর মুন্সি।
আদালত সূত্রে জানা যায়, সিংগাইর উপজেলার ফোর্ডনগর গ্রামের নবম শ্রেণির ছাত্র সোহান মিয়া করোনা মহামারির সময় পরিবারের কেনা ব্যাটারিচালিত হ্যালোবাইক চালিয়ে সংসারে সহায়তা করতেন।
২০২১ সালের ১৯ জুলাই সকালে হ্যালোবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরে খাসের চর বাজার থেকে ধল্লা বাজারগামী সড়কের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত হ্যালোবাইক ও মোবাইল ফোন পাওয়া যায়নি।
ঘটনার দিনই নিহতের মা লাইলী বেগম সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলার বিচার চলাকালে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের রায় দেন।

