জাতীয়

গবেষণায় উদ্বেগজনক তথ্য, বাজারের ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলেছে মাইক্রোপ্লাস্টিক

ছবি: সংগৃহীত

দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের উল্লেখযোগ্য অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে, অর্থাৎ ৭৬ দশমিক ৫ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিক রয়েছে। অর্থাৎ, প্রতি চারটি টুথপেস্টের মধ্যে প্রায় তিনটিতেই এই ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া গেছে।

রোববার (২৬ জুলাই) রাজধানীতে ইএসডিওর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

গবেষণায় জানানো হয়, বাংলাদেশে উৎপাদিত ২৫টি নমুনার মধ্যে ২২টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এছাড়া ভিয়েতনাম থেকে আমদানি করা দুইটি নমুনার দুটিতেই, থাইল্যান্ডের দুইটির মধ্যে একটিতে এবং ভারতের পাঁচটি নমুনার মধ্যে একটিতে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।

ইএসডিও জানায়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত এ গবেষণার অংশ হিসেবে দেশের বিভিন্ন সুপারশপ, খুচরা দোকান ও পাইকারি বাজার থেকে স্থানীয় ও আমদানি করা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা সংগ্রহ করা হয়।

পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি (ইএইচই) ল্যাবরেটরিতে নমুনাগুলোর পরীক্ষাগার বিশ্লেষণ করা হয়। একই সঙ্গে দেশজুড়ে ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর একটি জরিপও পরিচালনা করা হয়।

গবেষণার ফলাফল টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে নতুন করে জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি নিয়ে আলোচনার সৃষ্টি করেছে।

এ বিভাগের আরও সংবাদ