দেশের বস্ত্রখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
সাক্ষাৎ শেষে শওকত আজিজ রাসেল বলেন, বস্ত্রখাতের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং আগের কোনো সরকার সেগুলোর কার্যকর সমাধান করতে পারেনি। তবে বর্তমান সরকার আন্তরিকভাবে উদ্যোগ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও খাতটির সমস্যাগুলোর সমাধানে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। উদ্যোক্তারা এ সময় সরকারকে সহযোগিতা করবেন বলেও তিনি জানান।
বিটিএমএ সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস, বিদ্যুৎ এবং বস্ত্রখাতের আর্থিক সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকারের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বস্ত্রশিল্প আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে এ খাতে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। নবগঠিত কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসে সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করবে।
শওকত আজিজ রাসেল বলেন, সরকারের উদ্যোগে বন্ধ ও অর্ধ-বন্ধ কারখানাগুলো চালু করা গেলে দ্রুত প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক বাজারে ডাম্পিং বা অস্বাভাবিক মূল্য প্রতিযোগিতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।

