বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়

🕙 প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ । ১২:৪২ পিএম

নরসিংদীর পলাশ উপজেলায় সাখাওয়াত হোসেন (৪৮) নামে এক বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন এবং কানে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার কানে চারটি সেলাই দিতে হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেনের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ আল মামুন জানান, আহত ব্যক্তির কানে চারটি সেলাই দেওয়া হয়েছে এবং তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সাখাওয়াত হোসেনের অভিযোগ, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের ভেতরে টি কে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের জন্য বালু ভরাটের কাজে তিনি শীতলক্ষ্যা নদীতে একটি ড্রেজার স্থাপন করেছিলেন। সোমবার বিকেলে ড্রেজারের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে জুটমিলের সামনে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার পথরোধ করেন।

তার দাবি, পরে তাকে জোরপূর্বক একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রায় এক ঘণ্টা আটকে রেখে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। একপর্যায়ে তার গলা চেপে ধরে কানে কামড় দেওয়া হয় এবং ড্রেজার সরিয়ে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়।

সাখাওয়াত হোসেন আরও জানান, ড্রেজার সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি হাসপাতালে ভর্তি হন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া বলেন, তিনি একটি রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন এবং পরে ভিডিও বার্তার মাধ্যমে বিস্তারিত বক্তব্য দেবেন।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল-মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির সঙ্গে কথা বলেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ইত্তেফাক

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ