বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর (শনিবার) বিকালে এ ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা ও সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা ধান রতন।
কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মুসার সভাপতিত্বে ফাইনাল ম্যাচেখেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে মোঃ মোশারফ হোসেন মুসা জানান, আমাদের কাঞ্চনপুরে কোনো খেলার মাঠ নেই। আমাদের মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম শান্তর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের দাবি, আমাদের ইউনিয়নে কোন খেলার মাঠ নেই। ফলে বর্তমানে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। যুব সমাজকে মাদক থেকে ফেরাতে অবশ্যই খেলার মাঠে নিয়ে যেতে হবে। এজন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন প্রতিটি ইউনিয়নের খেলার মাঠ করা হবে। আমাদের দাবি, আমাদের ইউনিয়নে একটা খেলার মাঠের ব্যবস্থা করে দেন। তাহলে আমাদের যুব সমাজ মাদক থেকে খেলার মাঠে ফিরবে বলে আমরা আশাবাদী।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাজী আব্দুল হান্নান মৃধা ও সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় আমাদের দলীয় নেতৃবৃন্দ সহ আয়োজক কমিটিকে ধন্যবাদ সহ অভিনন্দন জানাই। আজ এই খেলার মধ্য দিয়ে এই এলাকার লোকজনের একটা দাবি রয়েছে একটি মাঠের ব্যবস্থা করা। আমাদের মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর মাধ্যমে যাতে এখানে একটি খেলার মাঠ নির্মাণ করা হয়, আমরা সেজন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাব, ইনশাল্লাহ।
ফাইনাল ফুটবল ম্যাচে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আব্দুল মতিন মোল্লা লাভলু, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইমুন চৌধুরী, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম চান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাহার উদ্দিন, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ শিকদার, সাধারণ সম্পাদক জাফর আলম, জনতা ব্যাংকের ডিজিএম জেসমিন আরা, পায়রা ডায়াগনস্টিক সেন্টার চেয়ারম্যান এখলাস উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি বাদশা গায়ান, সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে কাঞ্চনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডের খেলোয়াড়রা অংশগ্রহণ করে। এতে ৪ নং ওয়ার্ডকে টাইব্রেকারে ৩/২ গোলে হারিয়ে ৬ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ এবং রানার আপ দলকে একটি রঙিন টেলিভিশন উপহার দেওয়া হয়।









