চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে আগের ঘোষণার মতো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত থাকবে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে, তবে চট্টগ্রাম বোর্ডের আওতাভুক্ত জেলাগুলো এর বাইরে থাকবে।
অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা এবং ওই অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী স্থগিত থাকবে।
এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে বৈঠক করেছেন এবং দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো এলাকায় পরীক্ষা স্থগিতের প্রয়োজন হলে তা পরবর্তীতে আয়োজনের প্রস্তুতিও রাখা হয়েছে।

