বীরু দেবগনের জন্মদিনে ‘চৌহান’ টিজার প্রকাশ, নতুন চমক দিলেন অজয়

🕙 প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ । ৮:০১ এএম

বলিউডের কিংবদন্তি অ্যাকশন পরিচালক প্রয়াত বীরু দেবগনের জন্মবার্ষিকীতে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছেন অভিনেতা অজয় দেবগন। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রকাশ করা হয়েছে তার আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা ‘চৌহান’-এর টিজার।

অজয় দেবগন নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে টিজারটি প্রকাশ করেন। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

টিজারে কাশ্মীরের সংঘাতপূর্ণ পরিস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে। শুরুতেই শোনা যায় একটি গম্ভীর কণ্ঠস্বর, যেখানে দীর্ঘদিনের অস্থিরতা ও রক্তক্ষয়ী ইতিহাসের কথা তুলে ধরা হয়। এরপর থমথমে পরিবেশে পর্দায় দেখা যায় অজয় দেবগনকে। ঠিক তখনই ভেসে আসে সিনেমার মূল সংলাপ— “পাঠানদের বলে দিও, চৌহান আসছে।”

ছবিটির ক্যাপশনে নির্মাতারা লিখেছেন, “বীরু দেবগনজির জন্মবার্ষিকীতে আমরা আমাদের ওজি অ্যাকশন স্টার অজয় দেবগনকে বড় পর্দায় নিয়ে আসছি। ১ অক্টোবর ২০২৭-এ সিনেমা হলে দেখা হবে।”

নির্মাতাদের দাবি, সিনেমাটি অ্যাকশন ও দেশাত্মবোধক আবহে নির্মিত হয়েছে। এতে ‘পাঠান বনাম চৌহান’-এর এক রোমাঞ্চকর সংঘর্ষ দেখা যাবে।

এদিকে বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অজয় দেবগন একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিওও শেয়ার করেছেন। সেখানে বীরু দেবগন বলেছিলেন, একসময় তিনি নিজে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। তবে পরে সেই স্বপ্ন ছেলের মধ্যে বাস্তবায়িত হবে বলে বিশ্বাস করেছিলেন।

বাবার সেই স্বপ্ন পূরণ করে আজ বলিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন অজয় দেবগন। এবার বাবার স্মৃতিকে সম্মান জানিয়ে ‘চৌহান’ চরিত্রে বড় পর্দায় ফিরছেন তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ