সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে-স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এর মধ্যেই আশির দশকের জনপ্রিয় বাংলা সিনেমার একটি গান নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।
প্রয়াত নায়ক জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো ‘অবুঝ হৃদয়’ সিনেমার জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন’-এর ‘কেউ জানে না’ কথাগুলো পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার সঙ্গে মিলিয়ে মজার ছলে শেয়ার করছেন অনেকে।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া গানটি নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে—এমন প্রশ্নের সঙ্গে গানের কথাগুলো মিলিয়ে বিভিন্ন পোস্ট ও ভিডিও শেয়ার করছেন ব্যবহারকারীরা।
রুবেল মাহমুদ নামে একজন লিখেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা কবে শেষ হবে, তা জানা নেই। প্রতিদিনই নতুন নতুন খবর আসছে, কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কিংবা সেটি কবে জানা যাবে—সেটাও যেন কেউ জানে না।
ফারুক সাকিব নামে আরেকজন লিখেছেন, পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে, তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। কেউ কিছু জানে না, অথচ প্রতিদিনই এ নিয়ে নতুন খবর প্রকাশ পাচ্ছে।
এভাবেই পে-স্কেল নিয়ে বহুল আলোচিত ‘কবে’ প্রশ্নের সঙ্গে পুরোনো গানটির ‘কেউ জানে না’ কথাটি মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
‘তুমি আমার জীবন’ গানটি সিনেমাপ্রেমীদের কাছে আগে থেকেই বেশ জনপ্রিয়। ইউটিউবে গানটির ভিডিও ১৮ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। গানটির প্রায় ১৪ সেকেন্ডের একটি অংশে জাফর ইকবাল ও ববিতার অভিনয়ও দর্শকদের কাছে বেশ প্রশংসিত।
‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। গানটির কথা লিখেছিলেন গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

