ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে এ কর্মসূচি পালন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের ব্যানারে রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। এ সময় উপস্থিত সবাই কালো মাস্ক পরে ছিলেন।
ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার দৃশ্যও দেখা গেছে।
ভিডিওটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি জানতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

