শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, একসময় প্রচলিত নকলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে এখন নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে ডিজিটাল নকল। এ ধরনের অনিয়ম প্রতিরোধে আধুনিক ও কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “‘নকল’ শব্দটির কবর আমরা অনেক আগেই দিয়েছি। এটি নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু এখন নকল হচ্ছে ডিজিটালি। সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে।”
তিনি আরও বলেন, দেশে উচ্চ শিক্ষার প্রতি অতিরিক্ত ঝোঁক তৈরি হয়েছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, “আমাদের দেশে শুধু উচ্চ শিক্ষা আর উচ্চ শিক্ষা— সবাই খালি অনার্স খুলতে চায়। এর কি দরকার?”
পরীক্ষার খাতা মূল্যায়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, সব শিক্ষা বোর্ডের উত্তরপত্র এলোমেলোভাবে (র্যান্ডমলি) যাচাই করা হবে। কোনো পরীক্ষক কম বা বেশি নম্বর দিচ্ছেন কি না, সেটিও পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান তিনি।
সভায় পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, আধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধ এবং শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

