আদ-দ্বীন হাসপাতালে রহস্যজনকভাবে ৬ নবজাতকের মৃত্যু, তদন্তে পুলিশ

🕙 প্রকাশিত : ২৭ মে, ২০২৬ । ৬:৩৮ এএম

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ মে) ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ।

ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম জানান, হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে ১১ জন মা ও ৬ নবজাতক ভর্তি ছিলেন। রাত ২টা থেকে ৩টার দিকে এক মা অতিরিক্ত ঠান্ডার কারণে কক্ষের এসি বন্ধ করার অনুরোধ জানান। পরে প্রায় এক ঘণ্টার জন্য এসি বন্ধ রাখা হয়।

তিনি বলেন, এসি বন্ধ থাকার সময় কয়েকটি শিশুর শ্বাসকষ্ট দেখা দেয়। পরে ভোর ৬টার পর তাদের অবস্থার অবনতি হতে শুরু করে এবং একপর্যায়ে একে একে ৬ নবজাতকের মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, ওই কক্ষে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় এসি বন্ধ থাকাকালে শ্বাসকষ্ট বা সাফোকেশনের কারণে শিশুদের মৃত্যু হয়ে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, মৃত শিশুদের বয়স আনুমানিক এক থেকে দুই দিন। তারা সবাই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল।

ঘটনার পর হাসপাতালে পুলিশের ক্রাইমসিন ইউনিটসহ তদন্তকারী দল কাজ শুরু করেছে। কী কারণে একসঙ্গে এতগুলো নবজাতকের মৃত্যু হলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ