কোরবানির হাটে বিক্রি হয়নি, বজ্রপাতে মারা গেল কৃষকের স্বপ্নের ষাঁড়

🕙 প্রকাশিত : ২৪ মে, ২০২৬ । ১২:৩৩ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে কোরবানির জন্য মোটাতাজা করা একটি গরু মারা গেছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে গরুর মালিক দিদারুল আলমের প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মারা যাওয়া ৩ মণ ওজনের ষাঁড়টি উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা এলাকার জিন্নাত আলী মুহুরী বাড়ির দিদারুল আলম দীর্ঘদিন ধরে লালন-পালন করছিলেন। কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির জন্য তিনি গরুটি প্রস্তুত করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশের মাঠে গরুটি বাঁধা ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গরুটির মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার গরুটি বিক্রির জন্য আবুতোরাব বাজারে তোলা হয়েছিল। সেখানে ক্রেতারা সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার টাকা দাম বললেও মালিক ১ লাখ ২০ হাজার টাকার নিচে বিক্রি করতে রাজি হননি।

গরুর মালিক দিদারুল আলম বলেন, “অনেক কষ্ট করে কোরবানির জন্য গরুটি মোটাতাজা করেছি। সকালে মাঠে বেঁধে আসার পর দুপুরে খবর পাই বজ্রপাতে গরুটি মারা গেছে। গরুটিকে দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। এতে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল।”

এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, “মায়ানীতে বজ্রপাতে গরু মারা যাওয়ার বিষয়টি শুনিনি। খোঁজখবর নিয়ে দেখছি।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ