সোমবার

৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাটুরিয়া থানার ওসি নজরুল ইসলাম মানিকগঞ্জের শ্রেষ্ঠ নির্বাচিত

🕙 প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬ । ১১:৫৫ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ জেলায় ফেব্রুয়ারি ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম।

জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদান রাখায় তিনি এ সম্মাননায় ভূষিত হন।

রবিবার (দুপুর ২টা ৩০ মিনিটে) মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।
মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা পালন করেছেন। তার দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব এবং জনগণের আস্থা অর্জনের সক্ষমতা তাকে জেলার সেরা ওসি হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে।

একই অনুষ্ঠানে সাটুরিয়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ আরিফ খানও মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হন। মাদক উদ্ধার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জগণ সভায় অংশ নেন।

মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলার প্রতিটি থানাকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হচ্ছে। ওসি নজরুল ইসলাম তার দায়িত্ব পালনে আন্তরিকতা, দক্ষতা ও নেতৃত্বগুণের অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান জোরদার এবং মামলা নিষ্পত্তিতে তার সাফল্য সত্যিই প্রশংসনীয়। এ ধরনের স্বীকৃতি অন্য কর্মকর্তাদেরও আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।”

পুরস্কারপ্রাপ্ত ওসি মো. নজরুল ইসলাম বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি আমার থানার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। সাটুরিয়া থানার সকল সদস্য দিন-রাত পরিশ্রম করে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। আমি মানিকগঞ্জ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ, যারা আমাদের কাজের স্বীকৃতি দিয়েছেন। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম মানিকগঞ্জ জেলায় জানুয়রি ২০২৬ মাসেও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছিলেন ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ