মানিকগঞ্জ

‘কারিগরি দক্ষতা ও ভাষাজ্ঞানের অভাবে প্রবাসে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরা’

বক্তব্য দিচ্ছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসটেলিগ্রাম

কারিগরি দক্ষতা ও বিদেশি ভাষাজ্ঞান না থাকায় প্রবাসে গিয়ে বাংলাদেশিদের অনেকেই শ্রমিকের কাজ করছেন বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

বুধবার মানিকগঞ্জ শহরের নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে ‘বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ‘আমাদের দেশে কারিগরি শিক্ষার চেয়ে সাধারণ শিক্ষার প্রতি আগ্রহ বেশি। এ কারণে বিএ, এমএ পাস করেও অনেকে কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে বেকার থাকেন। দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে।’

তিনি বলেন, ‘প্রবাসে গিয়ে আমাদের দেশের মানুষ ভারতীয় ও শ্রীলঙ্কানদের অধীনে শ্রমিকের কাজ করছেন। কারিগরি বিষয়ে দক্ষতা ও বিদেশি ভাষা না জানার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

রেমিট্যান্স বাড়াতে তরুণদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমাদের সন্তানদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। বিদেশি ভাষা শেখার পাশাপাশি সময়োপযোগী কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে।’

ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এফএনবি জেলা শাখার সভাপতি ও পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মজিদ জিয়া, সিআরপি মানিকগঞ্জ কার্যালয়ের কেন্দ্র ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম, এফএনবি মানিকগঞ্জ সদর উপজেলার সমন্বয়কারী ও অ্যাসেডের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।

এ বিভাগের আরও সংবাদ