মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে সন্দেহজনক বস্তু, তদন্তে বোম্ব ডিসপোজাল ইউনিট

🕙 প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ । ৭:৫৫ এএম

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে সন্দেহজনক পরিত্যক্ত বস্তু পাওয়ার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে।

পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।

ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন জানান, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ একটি বস্তু পাওয়া গেছে বলে খবর পাওয়া যায়। ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মিরপুর-১০ স্টেশনে সন্দেহজনক বস্তু পাওয়ার খবরের পাশাপাশি প্রায় একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও একটি পরিত্যক্ত বস্তা দেখতে পাওয়া যায়। এতে দুই স্টেশনের যাত্রী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

খবর পাওয়ার পর সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করে। নিরাপত্তার স্বার্থে স্টেশন দুটির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক বস্তু পাওয়া গিয়েছিল। সে সময় বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে এবং ঘটনায় একজন পথচারী আহত হন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বিশেষজ্ঞ দল বস্তুগুলোর পরীক্ষা-নিরীক্ষা শেষে এগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে এবং মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ