মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ নদীর উত্তরপাড় এলাকায় কয়েকটি পরিবারের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে আমছের আলী ও বাচ্চু মিয়াসহ অন্তত ১২টি পরিবারের সদস্যরা গত পাঁচ দিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বুধবার সকাল ১১ টার দিকে হরগজ নদীর উত্তরপাড় এলাকায় আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় তারা চলাচলের পথ থেকে বাঁশের বেড়া সরিয়ে দিয়ে স্বাভাবিক যাতায়াতের ব্যবস্থা করার দাবি জানান।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই পথটি ব্যবহার করে তারা বাড়িঘরে যাতায়াত করে আসছেন। তবে সীমানার অংশ নিয়ে আমীর ও মোফাজ্জল গংদের সঙ্গে প্রায় এক বছর ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত পাঁচ দিন আগে যাতায়াতের পথে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এতে ওই এলাকার প্রায় ১২টি পরিবারের নারী, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে বের হওয়া কিংবা কোনো যানবাহন বাড়ির কাছে নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, সীমানা নিয়ে কারও বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধান করা যেতে পারে। কিন্তু মানুষের দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি জানান তারা।
ভুক্তভোগী আমছের আলী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই পথ দিয়ে চলাচল করে আসছি। সীমানা নিয়ে বিরোধ থাকলে সেটা মাপজোক করে সমাধান করা হোক। কিন্তু এভাবে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় আমাদের পরিবারসহ আশপাশের অনেক মানুষ সমস্যায় পড়েছেন।”
আরেক ভুক্তভোগী বাচ্চু মিয়া বলেন, “হঠাৎ করে চলাচলের পথে বেড়া দেওয়ায় আমরা খুব কষ্টে আছি। শিশুদের স্কুলে যাওয়া, বাজার করা এবং জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ায় সমস্যা হচ্ছে। প্রশাসনের কাছে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ থাকায় এলাকায় উত্তেজনাও তৈরি হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দ্রুত বিরোধের মীমাংসা এবং চলাচলের পথটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন সরেজমিনে বিষয়টি তদন্ত করে সীমানা বিরোধের আইনগত সমাধানের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত করার ব্যবস্থা করবে।





