রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৪ পিস ইয়াবাসহ মো. সাহাবুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
বুধবার (৭ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৮ হাজার ২০০ টাকা।
এসআরবি-১০ জানায়, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার সাহাবুদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরবকিরা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
বাহিনীটির দাবি, সাহাবুদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকার ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি। একই সঙ্গে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে বাহিনীটি।





