বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে লাফ দিয়ে বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নাজমুল হক (৩৫) আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে আদালতের ১০ তলা ভবনের সাততলার সামনের অংশ থেকে লাফ দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
আদালত ভবন থেকে লাফ দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় নাজমুল হককে উদ্ধার করে পুলিশ। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোর্ট পুলিশের ইন্সপেক্টর তারক বিশ্বাস বলেন, আদালত ভবনের নিচে একজন পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে নাজমুল হককে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সাততলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।
তারক বিশ্বাস আরও বলেন, ভবনটির নির্মাণশৈলীর কারণে অসাবধানতাবশত কারও নিচে পড়ে যাওয়ার সুযোগ নেই। ভবন থেকে পড়ে গেলে কার্নিশে বাধাপ্রাপ্ত হওয়ার কথা। এ ছাড়া তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সম্ভাবনাও কম। কারণ, ঘটনার সময় আদালত ভবনে অনেক লোকজন উপস্থিত ছিলেন।
নাজমুল হকের মরদেহ বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তবে কী কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ ও বিস্তারিত তদন্ত করে দেখছে থানা-পুলিশ।









