শিক্ষকতা পেশায় অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা-২০২৬’ পেয়েছেন মানিকগঞ্জের শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে দেশের মোট ১০২ জন বিশিষ্ট শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে এ বিশেষ সম্মাননার আয়োজন করা হয়। সম্মাননা হিসেবে হাবিবুর রহমানের হাতে ক্রেস্ট ও সনদের পাশাপাশি দুই লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি জানান, ৩৪তম বিসিএস থেকে নন-ক্যাডার হিসেবে ২৪ সেপ্টেম্বর ২০১৭ সালে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) পদে যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণার ক্ষেত্রেও সক্রিয়। গণতান্ত্রিক রূপান্তর, রাজনৈতিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থা তাঁর গবেষণার প্রধান বিষয়। তাঁর গবেষণামূলক প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে তাঁর অংশগ্রহণের অভিজ্ঞতা। ২০১৪ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ‘ওয়ান ইয়ং ওয়ার্ল্ড’ সম্মেলনে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধি হিসেবে অংশ নেন তিনি। সেখানে বাংলাদেশের লাল-সবুজের পতাকা বহনকারী প্রতিনিধি হিসেবে শিক্ষা, নেতৃত্ব, উন্নয়ন ও সামাজিক বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
এ ছাড়া ২০১১–২০১২ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত কার্যক্রমে অ্যাওয়ার্ড লাভ করেন হাবিবুর রহমান। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এমফিল গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।
হাবিবুর রহমানের বাড়ি মাগুরা সদর উপজেলা সদরে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। তাঁর বাবা আবুল কালাম টানা ২০ বছর প্রবাসে ছিলেন। মা ফাতেমা খাতুন। তাঁর স্ত্রী নুর-এ-জান্নাত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ইংরেজির শিক্ষক। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষকতার পাশাপাশি গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ে সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে হাবিবুর রহমানের এ অর্জন মানিকগঞ্জের শিক্ষাঙ্গনের জন্যও গৌরবের।





