বাজারে কোনো ধরনের সিন্ডিকেটকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেছেন, সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। ফলে খাদ্য সরবরাহ নিয়ে কোনো সংকট হবে না।
মঙ্গলবার (৬ অক্টোবর) পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গমের সাইলো, প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি ও মডার্ন ল্যাব এবং বন্দর এলাকার সিএসডি ও স্টিল রাইস সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘কোনো সরকারই বাজারে সিন্ডিকেটের উপস্থিতি পছন্দ করে না। বর্তমান সরকারও চায় না কোনো সিন্ডিকেট বাজারে প্রভাব বিস্তার করুক। সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। তাই খাদ্য সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমস্যা আছে, সেগুলো সমাধান করাই আমাদের কাজ। যেসব সমস্যা রয়েছে, সেগুলোর গুরুত্ব বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধান করা হবে।’
এর আগে দিনের শুরুতে পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে মিলের কার্যক্রম ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। কর্মকর্তা-কর্মচারীরা মিলের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরলে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।
পরে সিদ্ধিরগঞ্জে অবস্থিত গমের সাইলো পরিদর্শন করেন আফরোজা খানম। সেখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সাইলোর ধারণক্ষমতা, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। প্রেজেন্টেশন শেষে তিনি সাইলোর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
একই কম্পাউন্ডে অবস্থিত প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি ও মডার্ন ল্যাবও পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। এ সময় পুষ্টিসমৃদ্ধ মিক্স রাইস উৎপাদন এবং খাদ্য পরীক্ষার কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।
এরপর বন্দর থানায় অবস্থিত সিএসডি ও স্টিল রাইস সাইলো পরিদর্শন করেন তিনি। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জনবল সংকট, ব্যবহার অনুপযোগী গুদামের পরিবর্তে নতুন গুদাম নির্মাণ, অফিস ভবন এবং কর্মকর্তা-কর্মচারীদের আবাসন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।
পরিদর্শনকালে খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম উপস্থিত ছিলেন।









