আগামী বছর থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিবিষয়ক চারটি নতুন বই যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’—এই দুটি বই যুক্ত হবে। আর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’—এই দুটি বই। সব মিলিয়ে নতুন করে চারটি বই শিক্ষা কার্যক্রমে যুক্ত হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষা কার্যক্রমে পরিবর্তন ও পরিমার্জন করা হবে। প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে আরও নতুন বই যুক্ত করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, আগামী দিনে এমন একটি প্রজন্ম তৈরি করতে চায় সরকার, যারা আগামীর বাংলাদেশ গড়ে তুলবে এবং দেশকে সত্যিকার অর্থে নেতৃত্ব দেবে। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষায় সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও তিনি আরও বেশি গুরুত্ব দিয়েছেন।
শিক্ষার্থীদের কলেজে ভর্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কলেজগুলোতে ভর্তির জন্য যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেই নির্দেশিকা অনুযায়ী যারা আবেদন করেছে, তারা ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরও কলেজগুলোতে আসন খালি রয়েছে। তবে এ বছর প্রকাশিত ফলাফল কলেজগুলোর মোট আসন সংখ্যার তুলনায় অনেক কম হওয়ায় কিছুটা বিড়ম্বনা তৈরি হয়েছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গ্যাস ও তেলের দাম অনেকাংশে বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো অনেকটাই কম। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমান সংকট বৈশ্বিক। জনগণের ওপর যতটা কম চাপ দিয়ে যৌক্তিকভাবে এ সমস্যার সমাধান করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি।





