ড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চিহ্নিত হলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, পুলিশসহ অন্যান্য বাহিনীর কিছু কর্মকর্তা বা সদস্য ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা পরিহার করে জনসেবায় নিয়োজিত থাকার বিষয়ে তাঁদের সতর্ক করা হয়েছে। এরপরও কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। যেখানে যাঁকে চিহ্নিত করা হবে, তাঁর বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কিছু পুলিশ কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত দায়িত্ব পালন করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো কর্মসূচি বা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘোষণার বিষয়ে সরকার সব সময় সতর্ক রয়েছে।
সরকার কোনো ধরনের চাপ অনুভব করছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কাজ। শ্রমিক অসন্তোষের বিষয়ে তিনি বলেন, প্রকৃত শ্রমিকদের এতে সম্পৃক্ততা নেই। মালিক ও শ্রমিকপক্ষের আলোচনা এবং সম্মতির ভিত্তিতে মজুরি বোর্ড ন্যূনতম মজুরি ঘোষণা করেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো স্বীকৃতি নেই। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার পর তাদের পতন হয়েছে। দলটির নেতাদের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুসারে সংশ্লিষ্ট দেশের কাছে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। দেশটি আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর কেউ দেশে ফেরার চেষ্টা করতে পারে—এমন আলোচনার বিষয়ে তিনি বলেন, সীমান্তের ওপারে দলটির কয়েকজন পলাতক নেতা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছেন বলে তিনি শুনেছেন। তাঁরা দেশের ভেতরে থাকা নেতাদের কাছে বিভিন্ন নির্দেশনা পাঠাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির ঘোষণা দেওয়া হচ্ছে। তবে দেশের মানুষ এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করবে না বলে তিনি মনে করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ বিষয়ে সতর্ক রয়েছে।
বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে তিনি বলেন, এটি নিয়মিত কার্যক্রমের অংশ এবং পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা হিসেবে বিজিবি দায়িত্ব পালন করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর্মসূচি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ছাড়াই বিভিন্ন অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য তদন্তের সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে তদন্ত চলছে এবং তা শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার পর অভিযোগপত্র দাখিল এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ব্যক্তি, দল বা সংগঠন মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে জড়িত থাকলে সংবিধানের ৪৭ অনুচ্ছেদের বিধান অনুযায়ী বিচারের আওতায় আনার সুযোগ রয়েছে।









