ছয় মাসে আইনশৃঙ্খলায় দৃশ্যমান অগ্রগতি, আরও সময়ের প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

🕙 প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬ । ১:৪৬ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদনসংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর মাত্র ছয় মাস পার হয়েছে। এর মধ্যেই বিভিন্ন সংস্কারকাজ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। গত ১৮০ দিনে সরকারের নেওয়া ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি জনগণের কাছে প্রশংসিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী ঘোষিত রূপরেখা অনুযায়ী প্রথম ১৮০ দিনে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি ও উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার একাধিক বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হয়েছে। এসব সংকট দক্ষতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি ও গ্যাস সংকট তৈরি হলেও সরকার তাৎক্ষণিকভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি বলে জানান তিনি। বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রায় এক মাস মূল্যবৃদ্ধি স্থগিত রাখা হয় এবং পরে সহনীয় মাত্রায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময়ে বিশ্ববাজার ও প্রতিবেশী দেশগুলোতে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ বেড়েছিল বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সরকার এ সংকট সমাধানে কাজ করছে। বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং উৎপাদন অব্যাহত রাখতে প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি।

এ লক্ষ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শনের পর সেখানে একটি পূর্ণাঙ্গ স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বিদ্যমান সামিট ও অ্যাকসিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন কমাতে একাধিক এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য স্থান বাছাইয়ে জরিপ চলছে।

আমদানিনির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরে এবং অফশোর ও অনশোর এলাকায় নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী কয়েক বছরের মধ্যে এ সংকটের টেকসই সমাধান করা সম্ভব হবে।

সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত অনুমোদন ও বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হচ্ছে। বিভিন্ন ধর্মের ধর্মীয় কর্মকর্তা এবং ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্রীড়াবিদ ও সংস্কৃতিবিদদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানসহ বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণসংক্রান্ত জাতীয় প্রকিউরমেন্ট কমিটির প্রধান হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সঠিক নীতি ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণে দেশে খাদ্যের একটি মজবুত ও নিরাপদ মজুত গড়ে তোলা সম্ভব হয়েছে।

তিনি জানান, সরকারের প্রথম ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অর্জিত সামগ্রিক অগ্রগতির সমন্বিত বিবরণী শিগগিরই প্রধানমন্ত্রীর প্রেস উইং অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ