১৮০ দিনের মূল্যায়ন শেষে শিক্ষায় সংস্কারের কথা জানালেন শিক্ষামন্ত্রী

🕙 প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬ । ৭:৫৩ এএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে। এ সময়ে শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং এখন সেগুলোর সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (১৭ আগস্ট) কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা এ সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি। এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি।”

কিউএস র‍্যাংকিং প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কিউএস র‍্যাংকিং করা হলেও সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কেন একইভাবে করা হয় না। সার্কভুক্ত দেশগুলোকেও বিবেচনায় নেওয়া হলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আরও এগিয়ে যেতে পারত বলে মন্তব্য করেন তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রি চালু না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন এহছানুল হক মিলন। তিনি বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কেন এতদিনে পিএইচডি ডিগ্রি চালু করতে পারলেন না? শেষ ২০ বছর আপনারা মুখ বন্ধ করে ছিলেন?”

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে থাকা গবেষকদের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের অনেক গবেষক রয়েছেন, যারা অন্য দেশের উন্নয়ন ও বিনির্মাণে নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাচ্ছেন। অথচ দেশের এসব গবেষককে খুঁজে বের করে যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না।

তিনি বলেন, “এটা আমাদের ব্যর্থতা। এদিকে আমরা দৃষ্টি দিচ্ছি।”

শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিক্ষা খাতে গবেষণা, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দেশের মেধাবী গবেষকদের যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে আসে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ