সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে ওই বাসার বাসিন্দা হাজি আব্দুস সাত্তার মিয়া ও তার স্ত্রী রয়েছেন। অপর এক নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য, সকালে বাসার ভেতরে তিনজনের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, হাজি আব্দুস সাত্তার মিয়া এলাকায় একজন প্রবীণ ও পরিচিত ব্যক্তি ছিলেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

