ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, সম্পর্ক হবে সমতার ভিত্তিতে: তথ্য উপদেষ্টা

🕙 প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ । ১২:১৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। এছাড়া ভারতের পক্ষ থেকেও পৃথকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে ভারত সফর করতে পারেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বন্ধু পরিবর্তন করা সম্ভব হলেও প্রতিবেশী পরিবর্তন করা যায় না। তিনি জানান, দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকতে পারে।

তিনি আরও বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর একজন প্রতিনিধি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠকের সম্ভাবনাও রয়েছে। এ সফরকে গোপন কোনো বিষয় নয় বলেও উল্লেখ করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা হবে। গত ১৭ বছরে যে কাঠামোর মধ্যে দুই দেশের সম্পর্ক পরিচালিত হয়েছে, তার পরিবর্তে সমতা, পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে ভবিষ্যতের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের সময় যেভাবে ভারতের বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছিল, বর্তমান সরকার সেই নীতি অনুসরণ করবে না। ভবিষ্যতে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ