পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সেন্টমার্টিন দ্বীপে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার গাছের চারা রোপণ করা হবে। এই উদ্যোগ দ্বীপের পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, মাটি ক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপের মধ্যভাগে বাংলাদেশ কোস্ট গার্ডের কার্যালয়ে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘সবুজ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ বাস্তবায়ন করা হচ্ছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত সেন্টমার্টিনে ২০ হাজার চারা রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও অনন্য জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এনজিও সংস্থা এনরুট ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি প্রতিমন্ত্রী সেন্টমার্টিনে আয়োজিত ‘প্লাস্টিক ফ্রি বিচ ক্যাম্পেইন’-এ অংশ নেন। এ সময় দ্বীপের পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


