দায়িত্ব পালনের সময় পুরো পুলিশ টিম একসঙ্গে চা খেতে বা বিশ্রামে না যাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি নির্দেশনা দিয়েছেন, পুলিশের কোনো যানবাহন যেন কখনো অরক্ষিত অবস্থায় না থাকে এবং অন্তত একজন সদস্য সবসময় গাড়ির কাছে দায়িত্বে থাকেন।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি পুলিশের নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ এবং বিষয়টিকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নেই। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময়ই সতর্ক অবস্থানে রয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু ও পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের ঘটনার প্রসঙ্গে তিনি জানান, মতিঝিলে মেট্রোরেলের পিলারের নিচে বোমাসদৃশ বস্তু এবং আশুলিয়ায় দুষ্কৃতিকারীদের ফেলে যাওয়া ব্যাগ উদ্ধারের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রথযাত্রার নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে উল্টো রথযাত্রার দিন মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো অপচেষ্টা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
তিনি আরও বলেন, আগের তুলনায় এ ধরনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। উগ্রবাদী তৎপরতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।
আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির এমন সক্ষমতা আছে বলে তাঁর মনে হয় না। তাঁর ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত এ দলটি বিদেশ থেকে মাঝে মধ্যে তৎপরতার চেষ্টা করলেও উল্লেখযোগ্য কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না।
এ ছাড়া সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার বিষয়ে তিনি বলেন, তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

