দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য অব্যাহত থাকলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শীর্ষ রাজনৈতিক নেতাদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
মিছিলটি মালিটোলা পার্ক থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নয়াপল্টনে গিয়ে শেষ হয়।
সমাবেশে ইশরাক হোসেন বলেন, সরকারে থাকলেও তারা রাজপথের আন্দোলন-সংগ্রাম ও জনগণের রাজনীতি থেকে সরে আসেননি। তিনি বলেন, দেশের বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যারা ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস তাদের রয়েছে এবং অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নামার সেই সক্ষমতাও এখনও অটুট। স্বাধীনতার চেতনার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার নাম ব্যবহার করে কারও চরিত্রহনন বা গণতান্ত্রিক অধিকার খর্বের চেষ্টা মেনে নেওয়া হবে না।
তরুণদের রাজনীতি ও নতুন রাজনৈতিক দলের কার্যক্রমকে স্বাগত জানিয়ে ইশরাক হোসেন বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা ইতিবাচকভাবে দেখেন। তবে কিছু ব্যক্তি দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্টের চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। তার ভাষ্য, এসব কর্মকাণ্ড শেষ পর্যন্ত পরাজিত স্বৈরাচারী শক্তিরই সুবিধা সৃষ্টি করবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। অশালীন বক্তব্য ও রাজনৈতিক পরিবেশ নষ্টের চেষ্টা অব্যাহত থাকলে রাজপথে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সরকার পরিবর্তনশীল হলেও জনগণের রাজনীতি ও রাজপথের আন্দোলন থেকে সরে যাওয়ার সুযোগ নেই। জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
মশাল মিছিলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, শ্রমিক দল দক্ষিণ শাখার আহ্বায়ক সুমন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দল দক্ষিণ শাখার সভাপতি জহির উদ্দিন তুহিন, ছাত্রদল দক্ষিণ শাখার সভাপতি শামীম মাহমুদসহ যুবদল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

