বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, শিগগিরই আসছে বিনিয়োগকারী প্রতিনিধি দল

🕙 প্রকাশিত : ১ আগস্ট, ২০২৬ । ৭:৩১ এএম

বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছেন মার্কিন ব্যবসায়ীরা। খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা পর্যালোচনা করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সার্জিও গোর প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে অত্যন্ত ‘ফলপ্রসূ’ উল্লেখ করে বলেন, মার্কিন বিনিয়োগকারীরা আগামী সপ্তাহেই বাংলাদেশ সফরে আসবেন। সফরকালে তারা বিভিন্ন খাতের সম্ভাবনা যাচাই করবেন এবং কোথায় কীভাবে বিনিয়োগ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সার্জিও গোর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের সামনে থাকা সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে যৌথ উদ্যোগের মাধ্যমে ইতিবাচক ফল অর্জন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৩১ জুলাই) তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখানে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তার বর্তমান অবস্থা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত হিসেবে সার্জিও গোরের এই সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং চলমান দ্বিপাক্ষিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবারই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ