শিল্পখাতে চলমান গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল।
তিনি বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ না করায় শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। এ সংকটের কারণে টেক্সটাইল শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক কারখানা পুরোপুরি বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিটিএমএ সভাপতি জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি গভীরভাবে অনুধাবনের চেষ্টা করছেন। খাতটির সমস্যা সমাধানে সরকারের আন্তরিক মনোভাব উদ্যোক্তাদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, যেসব কারখানা সম্পূর্ণ বন্ধ রয়েছে বা আংশিকভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে, সেগুলোর জন্য কী ধরনের সহায়তা প্রয়োজন তা নির্ধারণে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে বৈঠকে আলোচনা হয়েছে।
উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে গ্যাস সংকট কাটিয়ে শিল্পখাতের উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

