বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। তাকে বহনকারী সরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে পড়ে যায়। এ ঘটনায় প্রতিমন্ত্রী, তার স্ত্রী নাজমা আরা বেগম এবং এক নারী পথচারী আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঢাকা থেকে সরকারি গাড়িতে করে নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আবদুল বারী। তার সঙ্গে গাড়িতে স্ত্রী নাজমা আরা বেগম ছিলেন। তাদের নিরাপত্তায় পুলিশের একটি গাড়িও বহরের সঙ্গে ছিল।
গোপীনাথপুর এলাকায় পৌঁছানোর পর পুলিশের নিরাপত্তার গাড়িটি সামনে চলে যায়। এর পরপরই ফিরোজা বেগম (৬০) নামে এক নারী পথচারী মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে এলে তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে পড়ে যায়।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত হন। তাদের পরে অন্য একটি গাড়িতে করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নেওয়ার পর তারা সেখানে অবস্থান করেন।
আহত পথচারী ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম বলেন, পুলিশের গাড়ি পার হওয়ার পরপরই এক নারী পথচারী হঠাৎ মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করলে গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে ধানখেতে নেমে যায়। এতে তিনি ও প্রতিমন্ত্রী দুজনই আহত হয়েছেন এবং শরীরের কয়েক জায়গায় আঘাত লেগেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে অন্য একটি গাড়িতে করে জয়পুরহাট পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সরকারি গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

