রংপুরে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন ইকবাল হাসান রাকিব নামে এক ব্যক্তি। আটকের পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে আত্মসমর্পণ করলে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড ও জরিমানা করেন।
সোমবার (২৭ জুলাই) রাতে নগরীর মডেল মসজিদের নিচতলায় অবস্থিত বিআরটিএ পরীক্ষা কেন্দ্রে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা চলাকালে সন্দেহের ভিত্তিতে ইকবাল হাসান রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি অন্য এক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে এসেছেন বলে স্বীকার করেন।
এ সময় রাকিব বিআরটিএর অফিস সহায়ক মাসুমা আক্তারকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তার বিরুদ্ধে এবং মূল পরীক্ষার্থী পীরগাছা উপজেলার দেউতি নাগদাহ এলাকার আব্দুল করিমের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হয়।
মামলার বিষয়টি জানতে পেরে রাকিব ও আব্দুল করিম পরে পরীক্ষা কেন্দ্রে এসে ভ্রাম্যমাণ আদালতের কাছে আত্মসমর্পণ করেন।
আদালত প্রক্সি পরীক্ষা দেওয়ার অপরাধে ইকবাল হাসান রাকিবকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড এবং সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই ঘটনায় মূল পরীক্ষার্থীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় প্রক্সি দেওয়ার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা জালিয়াতি চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। এ ধরনের প্রতারণা ও জালিয়াতির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

