পাঁচ দফা দাবিতে বুধবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা

🕙 প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ । ১১:২৭ এএম

পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর।

তিনি জানান, দীর্ঘদিন ধরে উত্থাপিত বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংগঠনটি।

সমিতির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত পার্কিং সুবিধা নিশ্চিত করা, হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা চালু করা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা নিশ্চিত করা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা।

সংগঠনটির দাবি, এসব বিষয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত বুধবার সকাল ৬টা থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট পালন করা হবে।

ধর্মঘটের কারণে জরুরি রোগী পরিবহন ও স্বাস্থ্যসেবায় প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে দাবি পূরণ হলে কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ