বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে সরকার: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

🕙 প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ । ৬:১১ এএম

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের সংযোগকারী একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত “Saudia and HSBC: Powering Global Connectivity—Celebrating Saudia’s Journey in Bangladesh” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এভিয়েশন খাতে নতুন এক অগ্রযাত্রার সূচনা করেছে। আধুনিক বিমানবন্দর অবকাঠামো নির্মাণ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সংযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠা করা, যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক এয়ারলাইন্স, আর্থিক প্রতিষ্ঠান এবং কৌশলগত বিনিয়োগকারীদের সহযোগিতা ও বিনিয়োগকে সরকার স্বাগত জানায়।

বাংলাদেশে সৌদিয়ার দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, গত ৪৬ বছর ধরে সৌদিয়া দেশের অন্যতম বিদেশি এয়ারলাইন্স হিসেবে সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি লাখো যাত্রীর আন্তর্জাতিক ভ্রমণ সহজ করেছে, প্রবাসী কর্মীদের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং হজ ও ওমরাহ পালনকারী মুসল্লিদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করেছে। এর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়া, সৌদিয়া, এইচএসবিসি ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বৈশ্বিক সংযোগ সম্প্রসারণে এভিয়েশন খাতের ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ