বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচির উদ্যোগ

🕙 প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ । ১০:৫৬ এএম

বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দিবসটি উদযাপনের প্রস্তুতি ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি উপস্থিত ছিলেন। এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”।

সভায় পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, এবার সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হবে। দেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে দেশীয় কৃষ্টি-সংস্কৃতিভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হবে। পাশাপাশি জেলা পর্যায়েও একই সময়ে দিবসটি উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, এবারের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের দেশীয় পর্যটনকে বিশ্বদরবারে আরও কার্যকরভাবে তুলে ধরতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে পর্যটন খাতের বেসরকারি অংশীজনদের সহযোগিতাও কামনা করেন তিনি।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রস্তুত করা টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) প্রচার করা হবে। এছাড়া বিদেশি দূতাবাসের অতিথিদের সম্মানে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশিল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা যায়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, এনডিসিসহ মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ