প্রকৃত উপকারভোগীর কাছে সুবিধা পৌঁছাতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕙 প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ । ১২:৪৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি গ্রহণযোগ্য ও নির্ভুল তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ