সাটুরিয়ায় বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

🕙 প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ । ১:১৫ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার চরপাড়া চক ও কুষ্টিয়ার চক এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩৮ হাজার ৫০০ টাকা বাজারমূল্যের ৪৯০ মিটার দীর্ঘ ৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
​অভিযান শেষে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শরীফ আহম্মেদ অনিক ইসলাম বলেন, “দেশীয় মা মাছ ও পোনা মাছ রক্ষায় আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। মৎস্য সম্পদ টেকসই করতে সবার সহযোগিতা প্রয়োজন। যারা আইন অমান্য করে অবৈধ জাল ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

​উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ বেনজীর ফারজিন জানান, “কারেন্ট ও চায়না দুয়ারি জাল আমাদের মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। এই জাল দিয়ে নির্বিচারে পোনা মাছও ধরে ফেলা হয়, যা জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। মৎস্য উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।” তিনি মৎস্য সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন।
​জাল ধ্বংসের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসানসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় পুলিশ সদস্যরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ