মানিকগঞ্জে অনুষ্ঠিত ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ১৭ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৮ জন ট্যালেন্টপুল এবং ৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— অহনা আদরিকা, আব্দুল্লাহ আল আহাদ, এস এম আবরার বিন আরিফ, নাবিলা বিনতে জামান, মাহফুজুর রহমান ইয়াসছিন, মীর জান্নাতুল নামিরা, মোহাম্মদ তাহমিদ রহমান এবং সানজিদা আক্তার শিফা।
অন্যদিকে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ইয়ামিন আরাফাত, তানভীর ইবনে নূর, তাসমিন বিনতে প্রিমা, তাসফিয়া ইসলাম সাইফা, নাফিজা খাতুন, নাফিসা তাসনিম আফিফা, নুসরাত জাহান জিমিয়া, মোমিনুর হোসেন আয়ান এবং শ্রেষ্ঠ রায়।
প্রতিষ্ঠানটির এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, এই সাফল্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে প্রতিষ্ঠানের সভাপতি এস কে জামিল উদ্দিন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই অর্জন শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
প্রতিষ্ঠানের পরিচালক ডা. রেজওয়ানা আফরোজ স্মরণীর নেতৃত্বে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে একইভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
উল্লেখ্য, রোববার (১২ জুলাই) ২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবে। এছাড়া উভয় গ্রেডের শিক্ষার্থীরা বই কেনার জন্য এককালীন ১ হাজার টাকা পাবে।

